দুর্যোগপূর্ণ আবহাওয়া ও দিনব্যাপী বৃষ্টিপাতের কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পণ্য খালাস কার্যক্রম ব্যাহত হচ্ছে। তবে বন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি রফতানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
সোমবার (৮ জুলাই) হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি রফতানি কার্যক্রম স্বাভাবিক থাকলেও সোমবার সকাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও থেমে থেমে বৃষ্টিপাতের কারণে আমরা আমদানিকৃত পণ্য নিয়ে বিপাকের মধ্যে পড়ে গেছি। বন্দরের ভেতরে কিছু ছাউনিযুক্ত শেড রয়েছে, সেগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে সিরিয়াল অনুযায়ী কিছু সংখ্যক পেঁয়াজবোঝাই ট্রাক খালাস করতে পারলেও খৈল, গম, ডালসহ বেশিরভাগ পণ্যই খালাস করা সম্ভব হচ্ছে না।








