নীলফামারীর সৈয়দপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুলাই) সকালে সৈয়দপুর পৌর এলাকার মহিলা ডিগ্রি কলেজ সংলগ্ন মুন্সিপাড়ায় ঘটনাটি ঘটে। সৈয়দপুর পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সোহেল সৈয়দপুর পৌর বাজারের কাপড় দোকানের কর্মচারী এবং নেসার আহমেদের ছেলে। তার মায়ের নাম সাহারা খাতুন।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বৈদ্যুতিক তারে ভেজা কাপড় শুকাতে যান মা সাহারা খাতুন (৫৬)। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকে যান। এসময় ছেলে সোহেল (২২) দৌড়ে এসে তাকে বাঁচানোর চেষ্টা করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।








