রামগঞ্জের ভাটরা ইউনিয়নের নান্দিয়ারা এলাকায় সোমবার (৮ জুলাই) রাত সাড়ে ৮টায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আনিছুর রহমান আজাদ (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ইব্রাহিম নামে আরেকজন আহত হন। এ ঘটনায় মহসিন নামে একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, মহসিন মানসিক বিকারগ্রস্ত। নিহত আজাদ ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে। মহসিনের বাড়িও একই এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আনিসুর রহমান আজাদের ভাগিনা টিটুকে মারধর করে মহসিন। বিষয়টি জানতে পেরে মহসিনের কাছে মারধরের কারণ জানতে চায় তার মামা আজাদ। এ সময় তাদের মাঝে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মহসিন দা দিয়ে আজাদকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এতে বাধা দিতে গেলে ধারালো অস্ত্রের আঘাতে ইব্রাহিম আহত হন।
স্থানীয়রা ইব্রাহিমকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন জানান, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মহসিনকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সে মানসিক বিকারগ্রস্ত।








