নড়াইলে মাদকবিরোধী অভিযানে ১০ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে নড়াগাতী, লোহাগড়া, কালিয়া ও সদর থানা পুলিশ বিভিন্ন এলাকা থেকে এদের আটক করেছে। এদের কাছ থেকে ৪১৬ পিস ইয়াবা, ৫৩০ গ্রাম গাঁজা এবং ১০ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলো লোহাগড়া থানার মঙ্গলহাটা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. বাবুল শেখ ওরফে ধলা বাবুল (৩৫), মতিয়ার মোল্যার ছেলে রনি (৩২), চরকালনা গ্রামের আসাদ সিকদারের ছেলে সবুজ সিকদার ওরফে ড্যানিস (৩০), গোপীনাথপুর গ্রামের আশরাফ (৫৫), কুন্দশী গ্রামের শিমুল (৩০), কালিয়া থানার শাহীনুর (৩৮), তেরোখাদা উপজেলার আব্দুল হামিদের ছেলে আরিফুল (২৫), নড়াগাতি থানার পাখিমারা গ্রামের তাজিবুর (৩৫), নড়াগাতী গ্রামের লাকি লস্কার (৫০) এবং নড়াইল সদর উপজেলার উজিরপুর গ্রামের বাদশা শেখ (৪২)।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন (পিপিএম) এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রদান করেন।
এ সময় পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, ‘নড়াইলকে অচিরেই মাদকমুক্ত জেলা ঘোষণা করা হবে। সেই লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি । যতদিন নড়াইল মাদকমুক্ত না হবে, এ অভিযান চলতে থাকবে। বাংলাদেশের মধ্যে নড়াইলকে প্রথম মাদকমুক্ত জেলা ঘোষণা করা হবে।’








