সাতদফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ২৫ জুলাই ভোর ৬টা থেকে লাগাতার পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। শনিবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেন পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা।
এ সময় জেলা বাস-মিনিমাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. হানিফ বলেন, ‘জেলার সড়ক-মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ফোর স্ট্রোক থ্রি-হুইলার, সিএনজি অটোরিকশা, ব্যাটারিচালিত ইজিবাইক, ট্রাক্টর, পাওয়ার টিলারের অস্বাভাবিক চলাচল বেড়ে গেছে। এতে দুর্ঘটনার সংখ্যাও বেড়েছে। বিভিন্ন স্থানে অবৈধ সিএনজি অটোরিক্শা ও ইজিবাইক স্ট্যান্ড গড়ে ওঠায় শহরে যানজট হচ্ছে। এ অবস্থায় পরিবহন মালিকরা নানা সংকটে রয়েছে। তাই সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে লাগাতার পরিবহন ধর্মঘটের ঘোষণা দিতে বাধ্য হয়েছি আমরা।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন– জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন জমসেদ, জেলা লোকাল বাস পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. মিয়ামত খান, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিসুর রহমান চৌধুরী, ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া সড়ক পরিচালনা কমিটির সভাপতি সফিকুল ইসলাম নান্টুসহ পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা।








