মানিকগঞ্জের সিংগাইরে কলেজছাত্র রাসেল হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড এবং একজনের সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৪ জুলাই) দুপুরে এই রায় ঘোষণা করেন মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ মমতাজ বেগম। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করা এপিপি অ্যাডভোকেট আহসান হাবিব এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন– মো. হযরত আলী, শামসু মিয়া, রকিব আহম্মেদ ও জাহাঙ্গীর। সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি হেলালুর রহমান।
আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, ২০১৭ সালে ২৬ নভেম্বর সিংগাইর উপজেলার পূর্বভাকুম গ্রামের আনসার ফকিরের ছেলে রাসেলকে ডেকে নিয়ে যায় তার এক বন্ধু। রাসেল সাভার লিজেন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। অনেক খোঁজাখুঁজি করে ছেলেকে না পেয়ে বাবা আনছার আলী ঘটনার দুদিন পর সিংগাইর থানায় সাধারণ ডায়েরি করেন। পরে মুক্তিপণের টাকা চাওয়া হলে বিকাশের মাধ্যমে দুই দফা ৩৫ হাজার টাকা দেওয়া হয়। ঘটনার ছয় দিন পর রাসেলের লাশ পার্শ্ববর্তী হাউজিং কোম্পানির পরিত্যক্ত স্থান থেকে পুলিশ উদ্ধার করে। পুলিশ তদন্ত করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আদালতে ২০১৮ সালের ১২ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এই রায় দেন।
আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মো. খলিলুর রহমান।








