রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু ২০ অক্টোবর। পরীক্ষা চলবে ২২ অক্টোবর পর্যন্ত। এ বছর পরীক্ষার নিয়মে বেশ কিছু পরিবর্তন এনেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবার থেকে দ্বিতীয়বার পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকছে না। সেই সঙ্গে একজন শিক্ষার্থী শুধু একটি ইউনিটে পরীক্ষা দিতে পারবে। পরীক্ষা পদ্ধতিতেও আনা হয়েছে পরিবর্তন। এমসিকিউ এবং লিখিত উভয় পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। বুধবার (২৪ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে ভর্তি পরীক্ষা-সংক্রান্ত মূল কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভাসূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হবে আগামী ৩ সেপ্টেম্বর দুপুর ১২টায়। আবেদন চলবে ১২ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। চূড়ান্ত আবেদন চলবে ১৭ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে চূড়ান্তভাবে প্রতি ইউনিটে ৩২ হাজার শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পাবে।
ইউনিট কমছে
২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা তিনটি ইউনিটের আওতায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর ফলে দুটি ইউনিট কমে এসে। গত বছর পাঁচটি ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এ বছর ‘এ’ ইউনিটের অধীনে কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ও চারুকলা অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিটের অধীনে ব্যবসায় শিক্ষা অনুষদ, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘সি’ ইউনিটের অধীনে বিজ্ঞান অনুষদ, জীব ও ভূবিজ্ঞান অনুষদ, কৃষি অনুষদ এবং প্রকৌশল অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আবেদন প্রক্রিয়া ও যোগ্যতা
একজন পরীক্ষার্থী একটিমাত্র ইউনিটে আবেদন করতে পারবেন। প্রথমে ৫৫ টাকা দিয়ে প্রাথমিক আবেদন করতে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে ইউনিটপ্রতি ৩২ হাজার শিক্ষার্থী পাবেন চূড়ান্ত আবেদনের সুযোগ। চূড়ান্ত আবেদনের সুযোগপ্রাপ্তরা পরে ১৯৮০ টাকা দিয়ে পুনরায় আবেদন করবেন। মানবিকে প্রাথমিক আবেদনের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৩ সহ ন্যূনতম ৭.০০, বাণিজ্যে জিপিএ-৩.৫ সহ ন্যূনতম ৭.৫০ ও বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ-৩.৫ সহ ৮.০০ পয়েন্ট থাকতে হবে।
লিখিত ও এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা
চলতি শিক্ষাবর্ষে লিখিত ও এমসিকিউ দুই পদ্ধতিতেই পরীক্ষা নেওয়া হবে। মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। সংক্ষিপ্ত লিখিত প্রশ্ন হবে ২০টি, প্রতি প্রশ্নের মান ২ নম্বর। এমসিকিউতে ৫০ মিনিট এবং লিখিততে ৪০ মিনিট সময় পাবেন শিক্ষার্থীরা। পরীক্ষা সকাল ৯টা থেকে পৌনে ১১টা এবং ১২টা থেকে পৌনে ২টা পর্যন্ত দুই শিফটে পরীক্ষা চলবে।








