ঝিনাইদহে পুলিশে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়া তিন প্রতারককে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার (২৪ জুলাই) সন্ধায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তারেক আল মেহেদি এক প্রেস বিফ্রিংয়ে এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সম্প্রতি ঝিনাইদহে পুলিশে জনবল নিয়োগ দেওয়া হয়। সেখানে পুলিশ সুপার মো. হাসানুজ্জামান (পিপিএম) এর উপস্থিতিতে যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার সঙ্গে মাত্র ১শ’ টাকায় চাকরি দেওয়া হয়। এরই মধ্যে একটি প্রতারক চক্র চাকরি প্রত্যাশী ঝিনাইদহ সদর উপজেলার শালিয়া গ্রামের জামাত আলী মালিতার ছেলে ওসমান গনি নামের এক ব্যক্তির কাছ থেকে ৮ লাখ ৮৪ হাজার হাতিয়ে নেয়। চাকরি না হলে পরবর্তীতে টাকা ফেরত চাইলে প্রতারক চক্র তাদের হুমকি দেয়। এই ঘটনায় ভুক্তভোগী ওসমান গনি বাদী হয়ে ঝিনাইদহ সদর উপজেলার রাজনগর গ্রামের আ. রশিদ ওরফে বিশু মণ্ডলের ছেলে মাহবুবুর রহমান, কোলা গ্রামের দলিল উদ্দিনের ছেলে মুক্তার আলী মণ্ডল ও শৈলকুপা উপজেলার কুলচারা গ্রামের ছাব্দার হোসেন বিশ্বাসের ছেলে আমিরুল ইসলামের নামে সদর থানায় প্রতারণার মামলা করে।
বুধবার সন্ধায় ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেনের নেতৃত্বে প্রতারক চক্রকে টাকাসহ আটক করা হয়।
এসময় প্রতারক চক্রের মূল হোতা মাহবুবুর রহমানের নিকট ৩ লাখ ৩৩ হাজার টাকা, মুক্তার হোসেনের নিকট থেকে ১ লাখ টাকা ও আমিরুল ইসলামের নিকট থেকে ২ লাখ টাকা উদ্ধার করা হয়। বাকি ২ লাখ ৫১ হাজার টাকা উদ্ধারে জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
প্রেস বিফ্রিংএ উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) কনক কুমার দাস, সদর থানার ওসি মিজানুর রহমান খান, ডিবি ওসি আনোয়ার হোসেন, ডিএসবি ওসি আতিকুর রহমান।








