মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বড়লেখা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৯টা থেকে ভোট শুরু হয়েছে, বিকাল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।
বড়লেখা উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বড়লেখা ইউনিয়নে ১০টি ওয়ার্ডে মোট ভোটার ১৭ হাজার ১৭৮ জন। এর মধ্যে আট হাজার ৫৫৪ জন পুরুষ এবং আট হাজার ৬২৪ জন নারী ভোটার। ভোটের নিরাপত্তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
উপনির্বাচনে তিনজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হচ্ছেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বড়লেখা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজ উদ্দিন, উপজেলা বিএনপি নেতা ও বড়লেখা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম ও উপজেলা বিএনপি নেতা ইসলাম উদ্দিন।
প্রসঙ্গত, গত ১৮ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বড়লেখা ইউনিয়ন (সদর) পরিষদের চেয়ারম্যান সোয়ের আহমদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেন এবং জয়লাভ করেন। এরপর নির্বাচন কমিশন গত ৭ মার্চ পদটি শূন্য ঘোষণা করে। ইউপি সদস্য সিরাজ উদ্দিনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। গত ১৭ জুন নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।
এ ব্যাপারে উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. এনামুল হক বলেন, ‘শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। কোনো গোলোযোগের খবর পাওয়া যায়নি। নির্বাচনি এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নিয়োজিত রয়েছেন। এছাড়া পুলিশের পাশাপাশি বিজিবি ও র্যাব সদস্যরাও কাজ করছেন।’
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক বলেন, ‘নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১০ ভোটকেন্দ্রে ৯০ জন পুলিশ, ১৭০ জন আনসার দেওয়া হয়েছে। এছাড়া চারটি মোবাইল টিম, এক টিম স্ট্রাইকিং ফোর্স, এক টিম স্ট্যান্ডবাই ফোর্স নিয়োজিত রয়েছে। অতিরিক্তি পুলিশ সদস্যও প্রস্তুত রাখা হয়েছে। কোথাও কোনোভাবে বিশৃঙ্খলা যেন না হয় এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ তৎপর রয়েছে।’








