নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এখানে শতভাগ ভোট ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতিতে নেওয়া হচ্ছে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, শান্তিপূর্ণভাবে ভোট চলছে। কোথাও কোনও অস্থিরতার খবর পাওয়া যায়নি।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কাঞ্চন পৌরসভায় মোট ভোটার ৩৫ হাজার ৬৮০ জন। এর মধ্যে নারী ১৭ হাজার ৪৮৪ জন এবং পুরুষ ১৮ হাজার ১৯৬ জন। ১৭টি কেন্দ্রে ১১৮টি বুথে ভোট নেওয়া হচ্ছে। ইভিএম পদ্ধতিতে ভোট হওয়ায় ভোটারদের মধ্যে বেশ উৎসাহ দেখা গেছে। ভোট শুরুর আগেই বেশিরভাগ কেন্দ্রের সামনে ভোটারদের ভিড় চোখে পড়েছে।
এই নির্বাচনে আওয়ামী লীগ থেকে একক প্রার্থী হয়েছেন রফিকুল ইসলাম রফিক (নৌকা)। বিএনপি এবার নির্বাচনে সরাসরি অংশ না নিলেও দলীয় পদে থাকা তিন জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমান মেয়র ও কাঞ্চন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান আবুল বাশার বাদশা (নারিকেল গাছ), সাবেক মেয়র ও কাঞ্চন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মজিবর রহমান ভূইয়া (জগ) ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমন (মোবাইল ফোন) নির্বাচন করছেন। অপরদিকে ৯টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে ৩১ জন ও সংরক্ষিত নারী প্রার্থী হিসেবে ছয় জন নির্বাচনে অংশ নিচ্ছেন।
নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রয়েছে বলে জানান প্রার্থীরা। সকালে কালাদী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ভোটারের দীর্ঘ লাইন দেখা গেছে। তবে ইভিএমএ ভোট দিতে গিয়ে সময় একটু বেশি লাগছে। প্রতিটি কেন্দ্রেই ভোটারের দীর্ঘ সারি ছিল চোখে পড়ার মতো।
ভারত চন্দ্র উচ্চ বিদ্যায়ল কেন্দ্রে দুটি বুথে ইভিএম মেশিনের যান্ত্রিক ক্রটির কারণে ভোট গ্রহণ শুরু করতে আধাঘণ্টা দেরি হয়। পরে নতুন ইভিএম মেশিন দিয়ে ভোট গ্রহণ শরু করা হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, ‘নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচনে ৯ জন ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাজারেরও বেশি সদস্য মোতায়ন রয়েছে। মোতায়েন রয়েছে বিজিবি ও র্যাব। ভোটগ্রহণের সময় কেউ কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’








