পটুয়াখালীর কলাপাড়ায় ড্রেজার মেশিনের পাইপে ঝালাই দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলম বেপারী (৫৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার ধানখালী ইউনিয়নের নিশানবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আলম চাঁদপুরের মতলব উপজেলার হাতীরঘাট এলাকার নিয়াজ উদ্দিন বেপারীর ছেলে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে উপজেলার ধানখালী ইউনিয়নের নিশানবাড়িয়া এলাকায় ড্রেজার মেশিনের পাইপে ঝালাই করতে যান শ্রমিক আলম বেপারী। এসময় বিদ্যুতের তার জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই শ্রমিক। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কলাপাড়ায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে বলেও জানান তিনি।








