সাভারে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে ধানমন্ডি আইডিয়াল কলেজের তিন ছাত্র নিখোঁজ হয়েছেন। শনিবার (২৭ জুলাই) দুপুরে সাভারের ব্যাংক টাউন এলাকায় ধলেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।
নিখোঁজ কলেজছাত্ররা হলেন- মেহেদী, আকাশ ও রাজন। তারা সবাই ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ঢাকা থেকে কয়েকজন বন্ধু সাভারের ব্যাংক টাউন এলাকায় বেড়াতে আসেন। পরে তাদের মধ্যে চার জন ধলেশ্বরী নদীতে গোসল করতে নামেন। এসময় তিন বন্ধু নদীতে ডুবে নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।
বিষয়টি নিশ্চিত করে সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লিটন আহম্মেদ বলেন, ‘ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করছে।’








