যমুনার পানি কমতে শুরু করায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ২৪ সেন্টিমিটার হ্রাস পেয়ে আজ শনিবার বিপদসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জামালপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী নবকুমার চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, নিম্নাঞ্চল ছাড়া বেশিরভাগ এলাকা থেকে পানি নামতে শুরু করায় ঘরে ফিরতে শুরু করেছেন বন্যা দুর্গতরা। ১৬ দিন ধরে বিপদসীমার ওপর দিয়ে যমুনা নদীর পানি প্রবাহিত হওয়ায় বানভাসীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও ব্যক্তি উদ্যোগে অনেকে ত্রাণ বিতরণ করলেও এখনও ত্রাণ সংকট রয়েছে । চারণভূমি পানিতে তলিয়ে থাকায় গো-খাদ্যের সংকট তীব্র হয়ে উঠেছে।
পানি জমে থাকায় এখনও জেলার সহস্রাধিক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। বন্যায় ক্ষতি হয়েছে জেলার ১৬ হাজার হেক্টর জমির ফসল।








