আসন্ন কোরবানির ঈদের আগে নীলফামারীর ডোমার উপজেলা বাজার থেকে উপজেলা মোড় পর্যন্ত প্রধান সড়কটি সংস্কারের দাবি জানিয়েছে স্থানীয়রা। দাবি পূরণ না হলে আগামী ১৮ আগস্ট অর্ধদিবস হরতালের ঘোষণা দিয়েছেন তারা।
শনিবার (২৭ জুলাই) সকাল ১১ টা হতে ডোমারবাসীর ব্যানারে রেলঘুন্টি মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে ওই ঘোষণা দেন তারা।
এসময় তারা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল করিমকে ডোমারে অবাঞ্ছিত ঘোষণা করেন।
উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আসাদুজ্জামান চয়নের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, সেচপাম্প মালিক সমিতির সভাপতি গোলাম কুদ্দুস আইয়ুব, দন্ত চিকিৎসক ডা. ওমর ফারুক, স্থানীয় সংবাদ কর্মী ইয়াছিন মোহাম্মদ সিথুন, আনিছুর রহমান মানিক, ছাত্রনেতা রাশেদুল ইসলাম আপেল, সোহেল রানা প্রমুখ।
এ ব্যাপারে, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মঞ্জুরুল করিম বলেন, ওই সড়কের কাজের দরপত্র হয়েছে, ঠিকাদার নিয়োগ হয়েছে, বর্ষায় বৃষ্টির কারণে কাজ করা যাচ্ছে না। কোরবানির ঈদের পরে কাজ শুরু করবেন ঠিকাদার। চলাচলের সুবিধার্থে এখন অল্প পরিসরে সংস্কার করা হচ্ছে। তিনি বলেন, কাজটি করতে কিছু সময় তো দিতে হবে।








