বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেছেন, ‘বিএনপির সত্য কথাও সরকারের কাছে গুজব মনে হয়। অথচ সরকারের অর্থমন্ত্রী ডেঙ্গুর ভয়ে নিজেই অফিসে যান না। দেশের লাখ লাখ মানুষ বন্যার পানিতে ভাসছে, ডেঙ্গু আক্রান্ত হচ্ছে- এসব বললেই গুজব হয়ে যায়।’
রবিবার (২৮ জুলাই) বিকালে জামালপুরের ইসলামপুর উপজেলার গুঠাইল বাজার এলাকায় বিএনপির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করে বলেন, ‘সরকারের প্রতিহিংসার শিকার হয়ে খালেদা জিয়া মিথ্যা মামলায় জেল খাটছেন।’
জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড জাহিদ হোসেন, শাহজাহান খান, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স প্রমুখ।
পরে সেখানকার এক হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এর আগে মেলান্দহ ও জামালপুর সদরে বিএনপির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।








