পঞ্চগড় জেলা শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুলের বাগানের দেয়াল ভেঙে মিনা আকতার (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (২৯ জুলাই) দুপুরে ঘটনাটি ঘটে। মিনার বাড়ি সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ইসলামপুর এলাকায়। সে ওই এলাকার আনোয়ার হোসেন লিটনের মেয়ে।
জানা গেছে, মিনাসহ কয়েকজন সহপাঠী স্কুলে ফুলের বাগানের দেয়ালের সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় দেয়ালটি তার ওপর ভেঙে পড়ে। এতে সে গুরুতর আহত হয়। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, স্কুল চলাকালীন ক্লাস না নিয়ে শিক্ষকরা অফিস কক্ষে বসে গল্প করছিলেন। এ সময় শিশু শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের বাইরে বের হয়। দেয়াল ধসে পড়ার পর বিদ্যালয় কর্তৃপক্ষ শিশুটিকে উদ্ধার করেননি বলে অভিযোগ করেছেন অভিভাবকরা। এ কারণে তারা বিক্ষোভ করেন। এ সময় শিক্ষকরা বিদ্যালয় কক্ষে অবরুদ্ধ হয়ে পড়েন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে ক্ষুব্ধ অভিভাবকদের শান্ত করেন।
পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী বলেন, ‘ঘটনার পর স্কুল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়। স্কুলের একটি দেয়াল ধসে শিশুটি চাপা পড়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন বলেন, ‘জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। কোনও অবহেলা থাকলে রিপোর্টের পর ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে কথা বলতে পঞ্চগড় ১ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেনকে একাধিকবার ফোন করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি।








