ফেনীতে অস্ত্র মামলায় মো. হাসান (২৯) নামে এক যুবকের বিরুদ্ধে ১৭ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ওই যুবক ফেনীর সোনাগাজীর চর চান্দিয়া ইউনিয়নের উত্তর চর চান্দিয়া গ্রামের বাসিন্দা।
সোমবার (২৯ জুলাই) বিকালে ফেনীর যুগ্ম জেলা জজ প্রথম আদালতের বিচারক মোসা. ফরিদা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। সরকারি কৌঁসুলি মো. এনামুল করিম খোন্দকার এই তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্র ও সহকারী সরকারি কৌঁসুলি মো. এনামুল করিম খোন্দকার জানান, ২০১১ সালের ১৩ অক্টোবর মো. হাসান ও মো. রিদনকে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। সোনাগাজী থানা পুলিশ একটি দেশীয় তৈরি পাইপ গান ও দু’টি গুলিসহ তাদের গ্রেফতার করে।
এ ঘটনায় সোনাগাজী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আমিনুল ইসলাম বাদী হয়ে সোনাগাজী থানায় অস্ত্র আইনের ১৯ এর (এ) ও (এফ) ধারায় একটি মামলা দায়ের করেন। একই বছর ২৮ নভেম্বর সোনাগাজী থানার উপপরিদর্শক (এসআই) আকুল চন্দ্র বিশ্বাস দুই আসামি মো. হাসান ও মো. রিদনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।








