নোয়াখালী প্রাইম হাসপাতালে মোশারেফ হোসেন (৩০) নামে ডেঙ্গু রোগে আক্রান্ত এক যুবক মারা গেছেন। শুক্রবার (২ আগস্ট) সকাল ১১টা ৫০ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হাসপাতালটির চিকিৎসক ডা. মিল্লাত বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মোশারেফ জেলার সদর উপজেলার হুগলী গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি রেলওয়ে বিভাগে চাকরি করতেন। তার পোস্টিং ছিল কুমিল্লায়। বৃহস্পতিবার (১ আগস্ট) তিনি জ্বর নিয়ে বাড়ি ফেরেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, মোশারেফ গত পাঁচ দিন ধরে জ্বরে ভুগছিলেন। শুক্রবার সকাল ১০টা ২৩ মিনিটে জ্বর নিয়ে প্রাইম হাসপাতালে ভর্তি হন তিনি। তাৎক্ষণিকভাবে পাশের গ্রামীণ প্রাইভেট হাসপাতালে রক্ত পরীক্ষা করান। রিপোর্টে দেখা যায়, তার ডেঙ্গু (আইজিএম) পজিটিভ ছিল। এরই মধ্যে তার প্লাটিলেট কমে যায় এবং শ্বাসকষ্ট বেড়ে যায়। এ অবস্থায় সকাল ১১টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়। তিনি কনসালট্যান্ট ডা. সালাউদ্দিন মামুনের অধীনে চিকিৎসাধীন ছিলেন।








