মাদক মামলায় মো. শহিদুল ইসলাম (৩৮) নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুষ্টিয়ায় আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়।
কারাদণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম কুমারখালী উপজেলার শেরকান্দি গ্রামের মৃত আবু বকরের ছেলে।
সোমবার (৫ আগস্ট) কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২১ মার্চ সকালে কুমারখালী উপজেলার শেরকান্দি গ্রামে আসামি শহিদুলের বাড়িতে তল্লাশি করে শয়নকক্ষের একটি আলমারি থেকে সাদা পলিথিন মোড়ানো প্যাকেটে ৫০ গ্রাম হেরোইন উদ্ধারসহ তাকে আটক করে পুলিশ। পরে উদ্ধার আলামতসহ শহিদুলের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দণ্ডবিধি ১৯ এর (১) ধারার ১(খ) ধারায় মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৮ সালের ১৩ জুলাই আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।
কুষ্টিয়া জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, দীর্ঘ সাক্ষ্য শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই রায় ঘোষণা করেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা ও তা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।








