মানিকগঞ্জ মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজু খান (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন। তার বাড়ী হরিরামপুর উপজেলার চালা গ্রামে। গত ৩ আগস্ট রাজু খান জ্বর ও সার্জিক্যাল সমস্যা নিয়ে ওই হাসপাতালে ভর্তি হন। পরে সোমবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়। মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মাহাবুবুল হাসান ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন। রাজু খান সোমবার মারা গেলেও মানিকগঞ্জের সিভিল সার্জন আনোয়ারুল আমীন আকন্দ মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
মানিকগঞ্জ মুন্নু মেডিক্যাল হাসপাতালের কর্তব্যরত সিনিয়র নার্স নমিতা তজু বাংলা ট্রিবিউনকে জানান, ‘রাজু খান গত ৩ আগস্ট জ্বর ও সার্জিক্যাল সমস্যা নিয়ে বেলা ১২টার দিকে ভর্তি হন। পরের দিন রবিবার বিকাল ৪টার দিকে ওই রোগীর ডেঙ্গু পজেটিভ ধরা পরে। এরপর থেকে ওই রোগীর ডেঙ্গুর চিকিৎসা দেওয়া হচ্ছিল। গতকাল সোমবার ভোর রাতে অবস্থার অবনতি ঘটলে ৫টার দিকে রাজু খান মারা যান।’ তিনি জানান, আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত ওই হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১৭ রোগী ভর্তি আছে।
অপরদিকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. লুৎফর রহমান জানান, মঙ্গলবার দুপুর পর্যন্ত ওই হাসপাতালে ৬৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, এখন জেলা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ১১১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।








