চীন থেকে পাঁচ হাজার অ্যান্টিজেন্ট স্ট্রিপ বা কিট আমদানি করেছে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। ডেঙ্গু শনাক্ত করতে এনএস-ওয়ান পরীক্ষার জন্য এই কিট প্রয়োজন হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষ্মীনারায়ণ মজুমদার।
উপ-পরিচালক বাংলা ট্রিবিউনকে জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাওয়া ২৮০ পিস অ্যান্টিজেন্ট কিট গত ১ আগস্ট থেকে শুরু হওয়া এনএস-ওয়ান পরীক্ষা করাতে গিয়ে শেষ হয়ে গেছে। এরপর হাসপাতালের অভ্যন্তরীণ অর্থে চীন থেকে পাঁচ হাজার অ্যান্টিজেন্ট কিট আমদানি করা হয়েছে।
তিনি আরও জানান, আগামী ঈদুল আজহা উপলক্ষে ঢাকা থেকে অসংখ্য মানুষ ময়মনসিংহে আসবে এবং ডেঙ্গু রোগ শনাক্তকরণে হাসপাতালে প্যাথলজি ল্যাবে ভিড় করবে। সেসব রোগীর চাপ সামলাতে এবং এনএস-ওয়ান পরীক্ষা করাতে আগাম অ্যান্টিজেন্ট কিট আমদানি করার সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
এই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত ১৫৩ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৪৯ জন রোগী ভর্তি হয়েছেন। ৮৯ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে ছুটি নিয়ে বাড়ি ফিরে গেছেন।








