বরিশালে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। র্যাবের দাবি, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধারের তথ্যও জানিয়েছে র্যাব। বৃহস্পতিবার (৮ আগস্ট) ভোর রাত ৪টার দিকে বরিশালের জাগুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম সাইদুজ্জামান মালেক। তিনি নগরীর কেডিসি বস্তির বাসিন্দা। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় ১৫টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিজিরা ও জাগুয়া এলাকায় টহল দিচ্ছিলো র্যাব। এসময় র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলি শেষ হলে গুলিবিদ্ধ একজনকে অচেতন অবস্থায় শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ঘটনাস্থল থেকে র্যাব একটি পিস্তল, ২টি ওয়ান শুটার গান, বেশ কিছু গুলি এবং ৬/৭শ’ পিস ইয়াবা উদ্ধার করেছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
ওসি আরও জানান, মেডিক্যালে আনার পর নিহত ব্যক্তির স্বজনরা মরদেহ শনাক্ত করেন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।








