বঙ্গোপসাগরের পক্ষিদিয়া এলাকায় ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এই ঘটনায় অন্যদের উদ্ধার করা হলেও তিন জেলে নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তবে ডুবে যাওয়া ট্রলারের জেলেদের নাম পরিচয় জানা যায়নি।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘পাথরঘাটা সদর ইউনিয়নের পুতাভাঙ্গা গ্রামের আব্দুল কাদেরের মালিকানাধীন এফবি হামিম নামের একটি ট্রলার ঝড়ের কবলে পড়ে ১২ জেলেকে নিয়ে পক্ষিদিয়া সংলগ্ন তারিয়ারচর এলাকায় ডুবে যায়। ডুবে যাওয়ার ঘণ্টাখানেক পরে ৯ জেলে উদ্ধার করা হলেও ট্রলারসহ ৩ জেলে এখনও নিখোঁজ রয়েছেন।’








