মানিকগঞ্জের সদর উপজেলা গকুলনগর থেকে গরু চুরি করে পিকআপ নিয়ে পালানোর সময় সিংগাইরে পুলিশের ধাওয়ায় গাড়ি থেকে পরে বাবুল মন্ডল (৪০) নামের একজন নিহত হয়েছে। এছাড়া গুলিবিদ্ধসহ গণপিটুনিতে দুইজন আহত হয়েছে। এই ঘটনায় সিংগাইর থানার উপপুলিশ পরিদর্শক আল মামুনও আহত হন। শনিবার (১০ আগস্ট) ভোররাতে এই ঘটনা ঘটে।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ইমাম হোসেন জানান, শুক্রবার দিনগত রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গকুলনগরে তমছের আলীর বাড়ি থেকে একটি ষাঁড় এবং আজমত আলীর বাড়ি থেকে একটি গাভী চুরি করে পিকআপে তুলে পালাচ্ছিল ছয় জন। তারা সিংগাইরের দিকে যাচ্ছিলো। এই খবর পেয়ে উপপুলিশ পরিদর্শক আল মামুন ফোর্স নিয়ে সিংগাইর বাসস্ট্যান্ডে ওই পিকআপটিকে থামানোর চেষ্টা করেন। এসময় ওই পিকআপটি পুলিশ সদস্যদের নির্দেশ অমান্য করে দ্রুত চলে যাওয়ার সময় উপপুলিশ পরিদর্শক আল মামুন পিকআপের পিছনে ওঠে পরেন।
এসময় গরুচোররা আল মামুনকে মারধর করলে তিনি আত্মরক্ষার্থে ১০ রাউন্ড ফাঁকা গুলি করেন। চলন্ত পিকআপ থেকে গরু চোর দলের একজন লাফ দিয়ে নেমে পড়ার কারণে ঘটনাস্থলেই সে মারা যায়। সে হরিরামপুর উপজেলার সুলতানপুর গ্রামে চান্দু মন্ডলের ছেলে বাবুল মন্ডল। পিকআপটি দ্রুত পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে চররাজনগর মানিকনগর আলিম মাদ্রাসায় দেওয়ালে ধাক্কা খেয়ে থেমে যায়।
এসময় উপপুলিশ পরিদর্শক আল মামুনের আর্তচিৎকারে স্থানীয় লোকজন এসে গরু চোরের দুইজনকে ধরে গণপিটুনি দেয়। এদের মধ্যে সিংগাইর উপজেলার মাধবপুর গ্রামে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ছকেল দেওয়ানের ছেলে মিলন দেওয়ানের (৩০) পায়ে গুলি লেগেছে। তাকে পুলিশ পাহারায় ঢাকায় চিকিৎসা দেওয়া হচ্ছে। গণপিটুনিতে আহত অজ্ঞাতপরিচয় আরেক জনকে (৩৫) মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হযেছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।
এদিকে গরু চোরদের মারধরে আহত উপপুলিশ পরিদর্শক আল মামুনকে সিংগাইর উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ভর্তি করা হয়েছে।
উদ্ধার করা গরু ও পিকআপটি থানায় রাখা হয়েছে আর নিহত বাবুল মন্ডলের লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।
এই ঘটনায় আহত পুলিশের উপপরিদর্শক আল মামুন বাদী হয়ে মামলা করবেন বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ওসি।








