যমুনা নদীতে পড়ে নিখোঁজের দু’দিন পর রাবেয়া (৫) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান,ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের সিরাজকান্দি গ্রামের এরশাদ আলী ঈদ উপলক্ষে বুধবার (১৪ আগস্ট) বিকালে পরিবারের সদস্যদের নিয়ে ল্যাংড়া বাজার এলাকার যমুনা নদীর তীরে ঘুরতে যায়। এসময় রাবেয়াকে বালুবাহী ভলগেটের ওপর দাঁড় করিয়ে ছবি তুলতে গেলে সে নদীতে পড়ে যায়। স্রোত বেশি থাকায় চেষ্টা করেও তাকে উদ্ধার করা যায়নি। খবর পেয়ে টাঙ্গাইল ও ভূঞাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারের চেষ্টা চালায়। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো তারা উদ্ধার কাজ চালিয়েও ব্যর্থ হয়। পরে শুক্রবার সকাল ৯টার দিকে বালুবাহী সেই ভলগেটের পাশেই রাবেয়ার লাশ ভেসে ওঠে।
ভূঞাপুর ফায়ার সার্ভিসের ফায়ার ম্যান আবু বকর সিদ্দিক বলেন, নদীতে কয়েক দফায় উদ্ধার তৎপরতা চালানো হয়। এরপরও শিশুটিকে পাওয়া যায়নি। পরে তার পরিবারের অনুমতি নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখান থেকে চলে আসে। শুনেছি সকালে শিশুটির লাশ নদীতে ভেসে উঠেছে।








