ধামরাইয়ে শেখ ফরিদ (৪৫) নামের এক মাইক্রোবাস চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৯ আগস্ট) ভোর রাতে ধামরাইয়ের চান্দখালি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত চালক ধামরাইয়ের সুইজখালী গ্রামের শেখ শাহজাহান মিয়ার ছেলে। তিনি ভাড়ায় মাইক্রোবাস চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর রাতে মাইক্রোবাস গ্যারেজে রেখে শেখ ফরিদ মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা দেয়। এসময় পথে চান্দখালি গ্রামে একদল সন্ত্রাসী তাকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার উপ পরিদর্শক (এস আই) শংকর চন্দ্র সরকার বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনা একটি মামলা দায়ের করা হবে। কারা এর সঙ্গে জড়িত তা এখনও শনাক্ত করা যায়নি।








