জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ দাবি করেছেন, ‘বঙ্গবন্ধু দেশের উন্নয়ন শুরু করেছিলেন, আর তার মৃত্যুর পর উন্নয়নের সেই ধারা রক্ষা করেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।’
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের চেহলাম উপলক্ষে শুক্রবার (৩০ আগস্ট) বিকালে নারায়ণগঞ্জের বন্দর খেয়াঘাট সংলগ্ন ময়মনসিংহ পট্টিতে জেলা ও মহানগর জাতীয় পার্টি আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে তিনি এ দাবি করেন।
রওশন এরশাদ বলেন, ‘অল্প সময় ক্ষমতায় থাকাকালে সাবেক রাষ্ট্রপতি এরশাদ দেশের মানুষের জন্য অনেক কাজ করে গেছেন। তাই দেশের মানুষ তার জন্য দোয়া করছেন। তার জানাজায় লাখো মানুষের ঢল নেমেছিল।’ এপর্যায়ে তিনি এরশাদের রুহের মাগফেরাত কামনা করে নারায়ণগঞ্জবাসীর কাছেও দোয়া চান।
তিনি আরও বলেন, ‘ইসলামকে রাষ্ট্রধর্ম করা, শুক্রবারকে সাপ্তাহিক ছুটি ঘোষণা, মসজিদ-মাদ্রাসার বিদ্যুৎ-পানি-গ্যাস বিল মওকুফ, রাষ্ট্রীয়ভাবে যাকাত ফান্ড করে এরশাদ দেশের মানুষের ভালোবাসা অর্জন করে গেছেন।’
নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমানের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, দলটির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, যুগ্ন-মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ প্রমুখ।
জিএম কাদের বলেন, ‘২৮ বছর রাজনীতির সঙ্গে যুক্ত থেকে হুসেইন মুহম্মদ এরশাদ দেশ ও মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ৯ বছর ক্ষমতায় থেকে এরশাদ দেশ ও জাতির কল্যাণে যেমন কাজ করেছেন, তেমনি ক্ষমতার বাইরে থেকেও নানা প্রতিকূলতার মধ্যে জীবনের শেষদিন পর্যন্ত গণতন্ত্রকে এগিয়ে নিয়ে গেছেন। বর্তমানে দেশে যত বড় বড় কাজ ও উন্নয়ন হয়েছে, তার অধিকাংশের ভিত রচনা করে গেছেন এরশাদ।’








