মিথ্যা ঘোষণা দিয়ে সিঙ্গাপুর থেকে দুই কন্টেইনার বিদেশি সিগারেট আমদানির ঘটনায় দুই প্রতিষ্ঠানের পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বন্দর থানায় এজাহার দায়েরের পর শুক্রবার (৩০ আগস্ট) রাতে মামলাটি গৃহীত হয়।
আসমিরা হলেন- মো. আবদুল বারিক, কবির হোসেন, দেওয়ান বুলবুল ইসলাম, নুর আল মামুন ও আউলাদ জান চৌধুরী।
রবিবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রাম কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার নূর উদ্দিন মিলন এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ওই দুটি চালানে আমদানিকারক প্রতিষ্ঠান মোট ১৩ কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিল।আসামিরা কাগজে কলমে ‘গ্রাম বাংলা ফুডস’ ও ‘এন ইসলাম এন্টারপ্রাইজ’ নামের দুটি প্রতিষ্ঠানের নামে এলসি খোলেন। যদিও প্রতিষ্ঠান দুটির বাস্তবে কোনও অস্তিত্ব নেই।
নূর উদ্দিন মিলন আরও বলেন, ‘২০১৮ সালের ২৮ এপ্রিল ও ৬ মে মিথ্যা ঘোষণায় সিঙ্গাপুর থেকে আনা দুই কন্টেইনার সিগারেট জব্দের ঘটনা তদন্তের পর আমরা এই পাঁচ জনের সম্পৃক্ততা খুঁজে পাই। এই ঘটনায় বৃহস্পতিবার তাদের পাঁচ জনের বিরুদ্ধে বন্দর থানায় এজাহার দায়ের করি। মামলা হিসেবে গ্রহণ করে শুক্রবার রাতে আমাদের মামলা নম্বর দেওয়া হয়।’
তিনি আরও জানান, ‘‘ওই চালানের মধ্যে ২৮ এপ্রিল যে চালানটি জব্দ করা হয়, সেটি গার্মেন্টস পণ্য ‘ফেল্ট’ ঘোষণা দিয়ে আনা হয়। অপর চালানটি ৭ মে প্রিন্টিং প্যাকেজ ঘোষণা দিয়ে আনা হয়। জব্দ করার পর আমরা একটি চালানে ৬৫ লাখ সিগারেটের শলাকা এবং অন্য চালানে ৬৬ লাখ ৯৩ হাজার শালাকা পেয়েছি ‘’








