গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী অ্যাড শ ম রেজাউল করিম এমপি বলেছেন, ‘উন্নত, সমৃদ্ধ, আধুনিক, অসাম্প্রদায়িক সোনার বাংলা বিনির্মাণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। শিক্ষা ব্যবস্থায় সরকার সব সুযোগ দিচ্ছে। বিনামূল্যে পড়ানো, বিনামূল্যে বই-বৃত্তি-দুপুরের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। কী চাই আর? একটা রাষ্ট্রের সরকার আর কী দিতে পারে? তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে বিশ্ব দরবারে যিনি আজ উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন তার সরকারকে সহযোগিতা করতে হবে।’
বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরে সদর উপজেলার অবকাঠামো উন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘পিরোজপুর-১ আসনের তিনটি উপজেলার অবকাঠামো উন্নয়নে প্রায় তিন হাজার ৫০০ কোটি টাকার ব্যাপক উন্নয়ন কর্মসুচি গ্রহণ করেছে সরকার।’
চেয়ারম্যান, ইউপি সদস্য, উপজেলা চেয়ারম্যান, ভাইসচেয়ারম্যান, কাউন্সিলর মেয়রদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা জন প্রতিনিধিরা যার যে এলাকা থেকে নির্বাচিত হয়েছি, সে এলাকার উন্নয়নের জন্য এলাকার মানুষদের নিয়ে একত্রে কাজ করতে হবে। এলাকার সবার মতামত নিয়ে অগ্রাধিকার ভিত্তিতেই কাজ করে যেতে হবে। দলমত নির্বিশেষে সবাই মিলে সহযোগিতা করলে পিরোজপুরের উন্নয়ন এখন সময়ের ব্যাপার মাত্র। রাজনৈতিক দলীয় মতপার্থক্য থাকতেই পারে, তা আমরা মাঠে মোকাবেলা করবো। কিন্তু পিরোজপুরের উন্নয়নে দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহণ করা উচিত।’
সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে পিরোজপুর সদর এলজিইডির আয়োজনে এ মতবিনিময় সভা হয়। পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আসিফ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রনালয়ের অতিরিক্তি সচিব আখতারুজ্জামান খান কবির, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায়। সভায় সদর উপজেলার সাতটি ইউনিয়ন চেয়ারম্যান ও ইউপি সদস্যরা নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।








