ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকার শাপলা খাতুন (২৩) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ইসলাম ফেরদৌস জানান, রাজশাহীর পুঠিয়া উপজেলায় নিজ গ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন শাপলা খাতুন। গত ৪ সেপ্টেম্বর তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে রক্ত পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। পরে ওই ওয়ার্ডে রেখেই তার চিকিৎসা চলছিল। সোমবার সকালে তার অবস্থার অবনতি ঘটে। এ সময় তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় আরও চারজন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে রামেক হাসপাতালে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৫ জন ডেঙ্গু রোগী।
এর আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ১২ আগস্ট রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মালেক নামের এক যুবকের মৃত্যু হয়।








