নরসিংদীর মনোহরদীতে জান্নাতুল ফেরদৌস তানজিমা (১৪) নামে নবম শ্রেণির একছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। গত সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে বাড়ি থেকে তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। অপহৃত ওই ছাত্রী উপজেলার হাফিজপুর তামাককান্দা গ্রামের প্রবাসী ইসমাইল হোসেনের মেয়ে এবং চালাকচর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। এ ঘটনায় ওই ছাত্রীর চাচা আব্দুস সাত্তার বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) মনোহরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ছাত্রীর পরিবারের সদস্যদের অভিযোগ,বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রতিবেশি রতন মিয়ার ছেলে আল আমিন স্কুলছাত্রী তানজিমাকে প্রায়ই উত্ত্যক্ত করতো। বিষয়টি জানার পর তানজিমার চাচা আব্দুস সাত্তার বখাটে আল আমিনকে শাসন করেন। এতে সে আরও বেপোরোয়া হয়ে ওঠে। গত সোমবার রাতে তানজিমা প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা আল আমিন ও বকুল মিয়াসহ ৮-১০ জন মিলে ওই ছাত্রীর মুখ চেপে ধরে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় ওঠানোর চেষ্টা করে।
এ সময় তার চিৎকারে ষাটোর্ধ্ব দাদি জাহানারা বেগম ঘর থেকে বের হলে অপহরণকারীরা তাকে মারপিট করে। এতে তিনি অচেতন হয়ে পড়লে অপহরণকারীরা তানজিমাকে সিএনজিতে উঠিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে বৃদ্ধার ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন এসে জাহানারা বেগমকে উদ্ধার করেন।
আহত বৃদ্ধা জাহানারা বেগম জানান, ‘প্রতিবেশি বখাটে আল আমিন ও বকুলসহ কয়েকজন লোক আমার নাতনিকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায়। আমি প্রতিবাদ করলে তারা আমাকে মেরে অজ্ঞান করে ফেলে রেখে যায়।’
মনোহরদী থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘স্কুলছাত্রী অপহরণের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। আসামিদের দ্রুত গ্রেফতার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’








