সিরাজগঞ্জে নিলুফার ইয়াসমিন (৫৫) নামে ডেঙ্গু আক্রান্ত আরেক রোগীর মৃত্যু হয়েছে। শহরের নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ঢাকায় নিয়ে যাওয়ার পথে টাঙ্গাইলের এলেঙ্গাতে তিনি রাত ১০টার দিকে মারা যান।
ভিকটিমের পরিবারের বরাত দিয়ে নর্থ বেঙ্গল হাসপাতালের ল্যাবরেটরি সহকারী আবদুস সালাম এবং সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ হুমায়ুন কবির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিলুফার সিরাজগঞ্জ পৌর এলাকার নতুন ভাঙাবাড়ি মহল্লার বাসিন্দা নুরুল ইসলামের স্ত্রী। গত ১১ সেপ্টেম্বর তাকে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
ডেঙ্গু শক সিনড্রোমের কারণে সিরাজগঞ্জে এ পর্যন্ত দুজন রোগী মারা গেলেন। এর আগে ১৭ আগস্ট রাতে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেলার কামারখন্দ উপজেলার হালুয়াকান্দি গ্রামের একাদশ শ্রেণির ছাত্র মেহেদী হাসান মিম তালুকদার মারা যায়।
সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান, শনিবার পর্যন্ত জেলায় সর্বমোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৮০৭ জন। তাদের মধ্যে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৫০২ জন। বাকিরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।








