পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, শুষ্ক মৌসুমে মহানন্দা নদীতে পানি থাকে না। ফলে চাষাবাদ হয় না বললেই চলে। তাই চাঁপাইনবাবগঞ্জ এলাকার মানুষের কথা ভেবে খুব শিগগিরই রাবার ড্যাম প্রকল্পের কাজ শুরু করা হবে। সোমবার (২৩) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর বারোঘরিয়ায় ১৪০ কোটি টাকা ব্যয়ে রাবার ড্যাম নির্মাণের জায়গা পরিদর্শনের সময় এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, নদী দখলকারীরা অনেক শক্তিশালী। তারপরও নদী দখলমুক্ত করার জন্য জনমত সৃষ্টি করতে হবে। তিনি বলেন, ‘কতিপয় ব্যবসায়ী নদী দখল করে আরাম-আয়েশের জন্য বাড়ি বানাচ্ছে। উচ্ছেদ করতে গেলেই তারা আদালতের আশ্রয় নেয়। ফলে তাদের উচ্ছেদ করতে দেরি হয়। কিন্তু তাদের উচ্ছেদ করে নদী দখলমুক্ত করতে সরকার বদ্ধপরিকর।’
এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ইঞ্জিনিয়ার মো. মাহফুজুর রহমান, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক তাজকির-উজ-জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন প্রমুখ।
পরে প্রতিমন্ত্রী স্থানীয় সার্কিট হাউসে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে রাবার ড্যাম নির্মাণের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।







