টাঙ্গাইলের সখীপুরে ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে বাবুল হোসেন নয়ন (২৪) নামের এক তরুণের বিরুদ্ধে। বুধবার (২৫ সেপ্টেম্বর) মেয়েটি উদ্ধার হলে রাতেই তার মা বাদী হয়ে নয়নসহ তিন জনকে আসামি করে সখীপুর থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।
মামলা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ওই ছাত্রীকে ২১ সেপ্টেম্বর সকালে রাস্তা থেকে প্রতিবেশী বাবুল হোসেন নয়ন ও তার সঙ্গীরা গাড়িতে উঠিয়ে নেয়। পরে তাকে কক্সবাজারে নিয়ে এক হোটেলে আটকে রেখে ধর্ষণ করে। ২৫ সেপ্টেম্বর সকালে মেয়েটিকে টাঙ্গাইল ডিসি লেকে রেখে পালিয়ে যায় নয়ন। পরে মেয়েটি তার মাকে মোবাইল ফোনে বিস্তারিত জানালে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।
সখীপুর থানার ওসি (তদন্ত) এএইচএম লুৎফুল কবির বলেন, ‘এই ঘটনায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামি বাবুল হোসেন নয়নসহ অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে ‘বৃহস্পতিবার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা হয়েছে বলেও তিনি জানান।








