গাজীপুরের কালীগঞ্জে বেরোনিকা রোজারিও (৫০) নামে এক নারী লাশ তার বাড়ির বারান্দা থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত বেরোনিকা রোজারিও উলুখোলা এলাকার মৃত সমীর রোজারিওর স্ত্রী। সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার উলুখোলায় বাজারের পাশে এই ঘটনা ঘটে।
উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রুপন চন্দ্র সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুল হক জানান, নিহতের বাড়ির বারান্দায় তার রক্তমাখা দেহ পরে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে নিহতের লাশ উদ্ধার করে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রকৃত ঘটনা কী, তা আমরা তদন্ত করে দেখছি। তবে এটা ডাকাতির কোনও ঘটনা নয়।
তিনি আরও বলেন, এ হত্যাকাণ্ডটি রাতে সংঘটিত হয়নি। ধারনা করা হচ্ছে সকাল ৭টার পর এই ঘটনা ঘটেছে।
নাগরী ইউনিয়ন পরিষদের সদস্য বাবলু রোজারিও জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতের বাড়িতে গিয়ে তার লাশ ঘরের বারান্দায় পড়ে থাকতে দেখি। ধারণা করা হচ্ছে বেরোনিকার বড়িতে ডাকাত এসেছিল। বাধা দেওয়ায় ডাকাতিতে ব্যর্থ হয়ে ডাকাতদলের সদস্যরা তাকে হত্যা করে পালিয়ে গেছে।
উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রুপন চন্দ্র সরকার জানান, নিহতের ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়েছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।








