কুষ্টিয়ায় মাদক মামলায় দুই জন এবং স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে আরও দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। আজ মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ অরূপ কুমার গোস্বামী মাদক মামলার রায় ঘোষণা করেন। আর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান ধর্ষণ মামলার রায় ঘোষণা করেন। মাদক মামলার আসামিদের ৫০ হাজার টাকা করে আর ধর্ষণ মামলার আসামিদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
ধর্ষণ মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের শহীদ উদ্দিনের ছেলে মাসুদ রানা (২৬) ও খলিল উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম ওরফে গোসাই (২৮)।
এছাড়াও মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার শিবনগর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সাদিকুল ইসলাম ওরফে সাদিক (৩০) ও চন্দবাস গ্রামের মোহাম্মদ আলীর ছেলে হাবিবুর রহমান ওরফে হবি। দণ্ডপ্রাপ্তদের মধ্যে মাদক মামলার আসামি হাবিবুর রহমান হবি পলাতক রয়েছেন। অন্য তিনজন রায় ঘোষণার সময় আদালতে ছিলেন।
কুষ্টিয়া জজ কোর্টের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, ২০১৭ সালের ১৩ অক্টোবর কুষ্টিয়া শহরের চাউলের বর্ডার এলাকা থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ দুইজন আটক হয়। তাদের বিরুদ্ধে মাদক মামলা হলে ওই বছর ২৮ ডিসেম্বর তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত দুইজনকেই দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন দিয়েছেন।
কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মেহেদী হাসান জানান, ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর কুষ্টিয়ার মিরপুর উপজেলার ভারল গ্রাম থেকে চিথলিয়া গ্রামে নানাবাড়ি যাওয়ার পথে এক স্কুলছাত্রীকে মাসুদ ও গোসাই ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। তাদের বিরুদ্ধে ওই ছাত্রীর নানি বাদী হয়ে মিরপুর থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৪ সালের ১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। সাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালত দুই জনকেই দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন।








