মো. হান্নান মিয়া নামের একজন মাদকাসক্ত ব্যক্তির দায়ের কোপে কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্ণমতি গ্রামের বাজারের ১২ জন ব্যক্তি আহত হয়েছেন। কুমিল্লা ও ব্রাহ্মণপাড়াগামী বিভিন্ন যানবাহনে কুপিয়ে ভাঙচুরও চালিয়েছে সে। পরে এলাকাবাসী তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
মঙ্গলবার (১ অক্টোবর) বুড়িচং থানার এসআই সুজন এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ডা. আকতার হোসেন ও নাজমুলসহ এলাকাবাসী জানান, সোমবার দুপুরে বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের পূর্ণমতি বাজারের হোটেল ব্যবসায়ী সেলিম মিয়ার দোকান থেকে দা সংগ্রহ করে হান্নান। প্রথমে সুজন মিয়ার ওপর আক্রমণ করে সে। পরে বাজারের বই ব্যবসায়ী মো. শাওনকে কোপায়। বাজারের ব্যবসায়ী ও পথচারীদের দা নিয়ে ধাওয়া করে।একপর্যায়ে হান্নান সড়ক ধরে ব্রাহ্মণপাড়া উপজেলার দিকে ছুটতে থাকে। রাস্তায় যাকে সামনে পায়, তাকেই দা দিয়ে কুপিয়ে আহত করে। পূর্ণমতি উত্তর বাজারে গিয়ে ব্যবসায়ী তাজুল ইসলাম মুকসু ও বাবুলকে কোপাতে থাকে। পরে দড়িয়ারপাড় এলাকায় গিয়ে মোটরসাইকেল আরোহী নজরুল ইসলামকে কোপায়।
এরপর হান্নান দেড় কিলোমিটার দূরে ব্রাহ্মণপাড়া উপজেলার টাকই গ্রামের মসজিদের ইমামের ওপর হামলা চালায়। এসময় স্থানীয় লোকজন তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
বাজারের লোকজন আহতদের উদ্ধার করে বুড়িচং, ব্রাহ্মণপাড়া ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে বুড়িচং থানার এসআই সুজন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় মো. হান্নান মিয়াকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করি। হান্নান মাদকাসক্ত। সে উপজেলার পূর্ণমতি বাজারসহ বিভিন্ন রাস্তাঘাটে ১০-১২ জনকে দা দিয়ে কুপিয়ে জখম করেছে। তার বিরুদ্ধে থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।








