উজানের ঢলে রাজশাহীতে পদ্মা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বিপদসীমার খুব কাছাকাছি বয়ে যাচ্ছে পদ্মার পানি। জেলার চারটি উপজেলার চরাঞ্চল প্লাবিত হয়ে চার হাজার ৬৫৬ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
রাজশাহী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মো. আমিনুল হকের তথ্য মতে, বুধবার (২ অক্টোবর) পর্যন্ত এবারের বন্যায় জেলার গোদাগাড়ী, পবা, চারঘাট ও বাঘা উপজেলায় চার হাজার ৬৫৬টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের মধ্যে মোট চার হাজার ১৩৩টি শুকনো খাবার প্যাকেট বিতরণ করা হয়েছে। সেই সঙ্গে ৬২ দশমিক ৬০০ মেট্রিক টন চাল বানভাসিদের দেওয়া হয়েছে। এছাড়াও ছয় লাখ ৫৫ হাজার টাকা সাহায্য হিসেবে বিরতণ করা হয়েছে দুর্গতরে মধ্যে।
গোদাগাড়ী উপজেলায় ভাঙন কবলিত ৭৬টি পরিবারে মাঝে দুই বান্ডিল করে ১৫২ বান্ডিল ঢেউ টিন দেওয়া হয়। সেই সঙ্গে গৃহনির্মাণ মজুরি বাবদ চার লাখ ৫৬ হাজার টাকা দেওয়া হয়েছে। আর পবা, বাঘা ও চারঘাট উপজেলায় এখনও ঢেউটিন বিতরণ করা হয়নি। তবে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের গেজ মিটার রিডার এনামুল হক জানান, বুধবার সন্ধ্যা ৬টায় ১৮ দশমিক ১৮ মিটার উচ্চতায় পদ্মার পানি পরিমাপ করা হয়েছে। এদিনে সকাল ৬টায় পানির উচ্চতা মাপা হয় ১৮ দশমিক ১৪ মিটার।
এদিকে বন্যায় পানিবন্দি পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়ে নেওয়ার জন্য বাঘা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।








