হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আলতাব হোসেন ও আটাপাড়া ক্যাম্প কমান্ডার সুবেদার চাঁন মিয়া বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার এসি জয়পাল শিংয়ের হাতে চার প্যাকেট মিষ্টি তুলে দিয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে দুর্গাপুজার শুভেচ্ছা জানান ও কুশল বিনিময় করেন। এসময় সেখানে বিজিবির চেকপোস্ট কমান্ডার নায়েক রাকিব হোসেন ও বিএসএফের চেকপোস্ট কমান্ডার সুদর্শন কুমারসহ উভয় বাহিনীর নারী ও পুরুষ সৈনিকরা উপস্থিত ছিলেন।
বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আলতাব হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, ‘গতকাল শুক্রবার থেকে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার জয়পুরহাট ২০-বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। সীমান্তে সৌহাদ্য সম্প্রতি বজায় রেখে দুই বাহিনী যেন তাদের দায়িত্ব পালন করতে পারে সে লক্ষ্যে প্রতিবছর বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানায়। হিলি সীমান্তেও এই রেওয়াজ চলে আসছে। এতে করে সীমান্তে দায়িত্ব পালনরত দুই বাহিনীর মধ্যে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে।’








