বরিশাল নগরীতে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ইউরোটেল বিডি অনলাইন লিমিটেডের টাওয়ার নির্মাণে জরিমানা ও ক্ষতিপূরণ আদায়ের হুমকি দেওয়ায় বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়রসহ আট কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালতে রবিবার বিকালে ইউরোটেল বিডি অনলাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের জিএম (অপারেশন) এনামুল হক মামলাটি দায়ের করেন।
মামলা অভিযুক্ত অন্যরা হলেন বিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব, প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, চিফ অ্যাসেসর, প্রশাসনিক কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা।
মামলা পরিচালনাকারী আইনজীবী আজাদ রহমান জানান, ২০০৭ সালে নগরীর ২০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ব্যবসায়ী এসএম জাকির হোসেন বিটিআরসি থেকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ইউরোটেল বিডি অনলাইন লিমিটেডের লাইসেন্স পান। এরপর থেকে তিনি দক্ষিণাঞ্চলে ইন্টারনেট সেবা দিয়ে আসছেন। এ জন্য নগরীর এন হোসেন গলিতে তার নিজ ভবনের ওপর টাওয়ার নির্মাণ করেন। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর বিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা স্মারকাদেশে বিনা অনুমতিতে টাওয়ার নির্মাণে কেন জরিমানা ও ক্ষতিপূরণ আদায় করা হবে তা জানতে চেয়ে কারণ দর্শানোর নির্দেশ দেন। এসএম জাকির হোসেন স্মারকাদেশ পেয়ে গত ২ অক্টোবর তার জবাব দেন।
জবাবে তিনি জানান, টাওয়ার নির্মাণে সরকারি কোষাগারে টাকা জমা দেওয়ায় বিটিআরসি সর্বশেষ ২০১৭ সালের ২৮ মে থেকে ২০২২ সালের ২৭ মে পর্যন্ত তার লাইসেন্স নবায়ন করে। একইসঙ্গে ট্রেড লাইসেন্সসহ অপরাপর রাজস্ব নিয়মিত পরিশোধ করেন। এছাড়া বিরোধীয় টাওয়ার ঢাকা থেকে মেনটেইন করা হয়। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনেক দেশি-বিদেশি দফতর ও প্রতিষ্ঠানের কার্যক্রম ওই টাওয়ারের মাধ্যমে পরিচালিত হয়। সরকারের সংশ্লিষ্ট দফতরের অনুমতি থাকায় ও নিয়মিত টাকা পরিশোধ করায় বিসিসি আইন ও সংশ্লিষ্ট বিধিতে টাওয়ারের ওপর কর ধার্য করার কোনও সুযোগ নেই এবং কোনও অনুমতিরও প্রয়োজন নেই।
স্মারকাদেশের জবাবে গত ৩ অক্টোবর এসএম জাকির হোসেন পক্ষে আমমোক্তার প্রতিষ্ঠানের জিএম (অপারেশন) এনামুল হককে সিটি করপোরেশনে ডেকে নেওয়া হয়। পরে প্রধান নির্বাহী কর্মকর্তা স্মারকাদেশ কার্যকর করার হুমকি দেন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে বিসিসি’র জনসংযোগ কর্মকর্তা বেলায়েত বাবলু বলেন, ‘সিটি করপোরেশনের আওতাধীন যেকোনও ভবনের ওপর যেকোনও ধরনের টাওয়ার স্থাপন করতে হলে অনুমতি নিতে হবে। কিন্তু এসএম জাকির হোসেন কোনও অনুমতি না নিয়ে ওই টাওয়ার স্থাপন করেন। এ জন্য ৩০ সেপ্টেম্বর নোটিশ দিয়ে টাওয়ার সরানোর জন্য বলা হয়েছে। এখন আমরা আইনিভাবেই তাকে মোকাবিলা করবো।’








