৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধারের মামলায় ডাবলু হোসেন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন বিচারক। সোমবার (৭ অক্টোবর) বিকালে আসামির অনুপস্থিতিতে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কে এম শহীদ আহমেদ এ রায় ঘোষণা করেন। ডাবলু চুয়াডাঙ্গার মল্লিকপাড়ার আরিফ হোসেনের ছেলে।
মামলার বেঞ্চ সহকারী হুমায়ুন কবির জানান, ২০১৫ সালের ৫ ডিসেম্বর গোপন তথ্যের ভিত্তিতে বরিশাল মেট্র্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশ লাকুটিয়া উঁচু ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ডাবলুকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় এয়ারপোর্ট থানার এসআই প্রদীপ মিত্র বাদী হয়ে মামলা করেন।
২০১৬ সালের ১৪ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুমন হালদার ডাবলুকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন। সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।








