এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার অংশ হিসেবে দুটি পরীক্ষা রাতে দেবে কুষ্টিয়ার দুই শিক্ষার্থী। খ্রিস্টধর্মের ‘সেভেন্থ ডে অ্যাডভান্টিস্ট’ সম্প্রদায়ের অনুসারীদের শনিবার দিনের বেলায় লেখা নিষেধ আছে। কাজেই রুটিনে যে দুটি পরীক্ষা শনিবারে পড়েছে এগুলো তারা রাতে দেবে।
কুষ্টিয়ার দুই পরীক্ষার্থী হলেন আলবার্ট স্মিথ বালা ও অ্যাডেনিস রাতুল বাইন। তারা যশোর বোর্ড কর্তৃপক্ষের কাছে রাতে পরীক্ষা দেওয়ার বিষয়টি বিবেচনার আবেদন করেন। আবেদন বিবচনা করে মঞ্জুর করেছে বোর্ড কর্তৃপক্ষ।
বোর্ড সূত্রে জানায়, আগামী ২ নভেম্বর থেকে জেএসসি পরীক্ষা শুরু হচ্ছে। প্রথমদিন ২ নভেম্বর (শনিবার) বাংলা এবং ৯ নভেম্বর (শনিবার) গণিত পরীক্ষা। তাদের দুই জনের জন্য সন্ধ্যা ৬টা থেকে রাত ৯ পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। খ্রিস্টধর্মের ‘সেভেন্থ ডে অ্যাডভান্টিস্ট’ সম্প্রদায়ের অনুসারী দুই শিক্ষার্থী কুষ্টিয়া হাইস্কুল কেন্দ্রে পরীক্ষা দেবে।
কুষ্টিয়ার ‘সেভেন্থ ডে অ্যাডভান্টিস্ট’ চার্চের শিক্ষার্থী আলবার্ট স্মিথ বালা। আর অ্যাডেনিস রাতুল বাইন কুষ্টিয়া সান আপ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেন, ‘ধর্মীয় বিধান অনুযায়ী তাদের শনিবার দিনের বেলায় লেখা নিষেধ। এজন্য তারা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে বোর্ডে আবেদন করে। বাংলাদেশে প্রত্যেকের ধর্মী পালনের স্বাধীনতা আছে। আর সেটি সুরক্ষায় তাদের জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সে কারণে তাদের শনিবারের পরীক্ষা রাতে নেওয়ার ব্যবস্থা করেছে বোর্ড কর্তৃপক্ষ। তবে বোর্ড নির্ধারিত পরীক্ষা শুরুর সময় থেকেই তারা কেন্দ্রে উপস্থিত হয়ে আলাদা একটি কক্ষে থাকবে। সাধারণ শিক্ষার্থীদের পরীক্ষা শেষ হলেও তারা অপেক্ষা করবে। রাতে পরীক্ষা দিয়ে বের হবে। এর আগে তারা কেন্দ্র থেকে বের হতে পারবে না।’
উল্লেখ্য, এর আগে চলতি বছরের গত ২ ফেব্রুয়ারি যশোর বোর্ডে প্রথমবারের মতো রাতে এসএসসি পরীক্ষা নেওয়া হয়। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পারফেক্ট ইংলিশ ভার্শন স্কুলের এসএসসি পরীক্ষার্থী রিকি হালদার (১৭) প্রথম যশোর বোর্ডের অধীনে রাতে পরীক্ষা দেন। ওই শিক্ষার্থীর আবেদনে সে সময় কুমারখালী উপজেলার এম এন হাইস্কুল কেন্দ্রে সন্ধ্যা-৬টা থেকে রাত ৯টা পর্যন্ত তার পরীক্ষা নেওয়া হয়।








