সাভারে অস্ত্র ও ইয়াবাসহ প্লাবন খান মজলিস (২৫) নামের এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে র্যাব-৪। তার কাছ থেকে একটি শ্যুটার গান ও ৫শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর ওই ছাত্রলীগ নেতাকে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে বুধবার গভীর রাতে পৌর এলাকার দক্ষিণপাড়া মহল্লায় নিজ বাড়ির পাশের অফিস থেকে তাকে আটক করা হয়। আটককৃত ছাত্রলীগ নেতা সাভার বিশ্ববিদ্যালয় কলেজের সাংগঠনিক সম্পাদক।
র্যাব-৪ এর এসপি নরেশ চাকমা ও এএসআই কাউসার মাতব্বরের নেতৃত্বে বুধবার গভীর রাতে সাভার পৌর এলাকার দক্ষিণপাড়া মহল্লায় ওই ছাত্রলীগ নেতার অফিসে অভিযান চালানো হয়। এসময় একটি শ্যুটার গান ও ৫শ’ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব-৪ এর এডিশনাল ডিআইজি মোজাম্মের হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অস্ত্র ও মাদক আইনে এই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে একটি মামলা দায়েরের পর থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগেও তার বিরুদ্ধে মাদক আইনে অপর একটি মামলা রয়েছে।’








