বগুড়ার সারিয়াকান্দিতে প্রাচীর ডিঙিয়ে পরীক্ষার কেন্দ্রে ঢুকে এক জেএসসি পরীক্ষার্থীকে চড়-থাপ্পড় দিয়ে পালিয়ে গেছে এক দুর্বৃত্ত। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।
সারিয়াকান্দি থানার এসআই আবু হেলাল এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘দুজনকে শনাক্ত করা হয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই শিক্ষার্থী (ছাত্রী) পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে জেএসসি পরীক্ষা দিচ্ছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সে কেন্দ্রের মধ্যে প্রবেশ করে। এসময় এক বখাটে প্রাচীর ডিঙিয়ে স্কুলের মাঠে ঢুকে পড়ে। সে ওই ছাত্রীর কাছে প্রেমের প্রস্তাব দেয়। ছাত্রী তা অস্বীকার করলে বখাটে তার গালে চড়-থাপ্পড় মারে। ছাত্রীর চিৎকারে আশপাশে থাকা শিক্ষার্থী ও শিক্ষকরা এগিয়ে এলে বখাটে আবার প্রাচীর ডিঙিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া ও এসআই আবু হেলাল ঘটনাস্থলে যান।
পাইলট বালিকা উচ্চ বিদ্যালরে প্রধান শিক্ষক সাকি মোহাম্মদ জাকিউল আলম বলেন, ‘হামলাকারীকে শনাক্ত করার চেষ্টা চলছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া বলেছেন, ‘ছাত্রী লাঞ্ছনাকারীকে অবিলম্বে গ্রেফতার করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।








