সিলেটে স্কুলছাত্র আবু সাঈদ হত্যা মামলার পলাতক আসামি জেলা ওলামা লীগের প্রচার সম্পাদক মুহিব হোসেন মাসুমকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। পলাতক মাসুম মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে জামিন নামঞ্জুর করা হয়। সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রশিদের আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
সোমবার ওই আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও মালামাল ক্রোকের নির্দেশ দিয়েছিলেন।
নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১১ মার্চ নগরীর শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র আবু সাঈদকে (৯) অপহরণ করা হয়। পরে অপহরণকারীরা তার পরিবারের সদস্যদের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ১৪ মার্চ নগরীর ঝর্ণার পাড় সুনাতলা এলাকার (বাসা নং সবুজ-৩৭ নম্বর) পুলিশ কনস্টেবল এবাদুর রহমানের বাসা থেকে সাঈদের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১৫ মার্চ নিহতের বাবা আব্দুল মতিন বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন।
গত ২৩ সেপ্টেম্বর চারজনকে অভিযুক্ত করে মামলার অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার ওসি (তদন্ত) মোশাররফ হোসেন।
চার্জশিটে অভিযুক্তরা হচ্ছেন, সিলেটের বিমানবন্দর থানার সাবেক কনস্টেবল এবাদুর রহমান, সিলেট জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাকিব ও পুলিশের কথিত সোর্স আতাউর রহমান গেদা ও মুহিব হোসেন মাসুম। এদের মধ্যে মাসুম পলাতক ছিলেন। জেল হাজতে থাকা তিন জন হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
/এএ/








