পুলিশের তাড়া খেয়ে শাহজাহান (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকালে জেলার বোদা উপজেলার সোনারবাংলা পেট্রোল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহজাহানের বাড়ি পশ্চিম ভাসাইনগর। সে ওই এলাকার মকবুল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান,দুপুরে সোনার বাংলা পাম্পে কয়েকজন মিলে জুয়া খেলছিল। এ খবর পেয়ে বোদা থানার এসআই দীন মোহাম্মদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তবে শাহজাহান সেখানে দাঁড়িয়ে খেলা দেখছিল বলে জানা যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহজাহান ভয়ে পাম্পের দেওয়াল টপকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় মাথা নিচের দিকে পড়ে যাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে মোস্তফা (৩৫),আরিফ (২৪),লাবু (২৮),নাজিম (৩০) ও জাভেদ (৩২) পাঁচ জুয়াড়িকে আটক করে। তাদের সবার বাড়ি বোদা উপজেলার ভাসাইনগর এলাকায়। আটককৃতদের তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) এ ডাব্লিউ এম রায়হান শাহ তাদের প্রত্যেককে ১শ’ টাকা করে জরিমানা করেন।
অভিযানে অংশ নেওয়া এসআই দীন মোহাম্মদ জানান,অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। হাতে-নাতে ৫ জুয়াড়িকে ধরা হয়েছে। মোবাইল কোর্টে তাদের জরিমানা করা হয়েছে। পরে শুনেছি একজন দেওয়াল টপকে পালানোর সময় মারা গেছে।
বোদা থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
/জেবি/এএ/








