খাগড়াছড়ি শহরের খবংপুড়িয়া এলাকা থেকে চাঁদাবাজীর অভিযোগে ইউপিডিএফের ৫ নেতাকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি এলজি ও আট রাউন্ড গুলিসহ ৮৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, ইউপিডিএফের জিকো ত্রিপুরা (৩৬), প্রতীন চাকমা (৪০) স্বপন চাকমা (৩০) রঞ্জু চাকমা (৩০) এবং নিকাত চাকমা (১৯)।
পুলিশ ও সেনা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি শহরের খবংপুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকের পর তাদের সেনাবাহিনী জিজ্ঞাসাবাদ করছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের রাত আটটার দিকে খাগড়াছড়ি সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও অস্ত্র আইনে সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান সদর থানার ওসি ।
এদিকে জেলা ইউপিডিএফের প্রচার সম্পাদক নিরন চাকমা তাদের পাঁচ নেতা আটকের বিষয়টি স্বীকার করে বলেন, সেনাবাহিনী তাদের নিরাপরাধ ৫ নেতাকে ধরে নিয়ে গিয়ে অস্ত্র, গুলি ও টাকা গুজে দিয়ে মিথ্যা মামলা দায়েরের চেষ্টা করছে। তিনি অবিলম্বে আটক নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।
/জেবি/ এএইচ/








