বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা জামায়াতের সাবেক আমির উপজেলা চেয়ারম্যান আবদুল গণি মণ্ডল ও উপজেলা জামায়াতের কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন হেলালকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে তাদের গ্রেফতার করা হয়। দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গনি মণ্ডল দুপচাঁচিয়া উপজেলার শ্রীপুর গ্রামের মৃত নয়া মিয়া মণ্ডলের ছেলে এবং ইসমাইল হোসেন হেলাল তালোড়া স্বর্গপুর গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে।
দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম জানান, জামায়াত নেতা গণি মণ্ডলের বিরুদ্ধে ২০১৩ সালের ৩ মার্চ রাতে চাঁদে দেলোয়ার হোসাইন সাইদীকে দেখানোর অভিযোগে ও গত জানুয়ারি-মার্চে আন্দোলনের সময় মোট ১৫টি নাশকতা মামলা হয়।
ওসি আরও জানান, উপজেলা জামায়াতের কোষাধ্যক্ষ হেলালের বিরুদ্ধে ১১টি নাশকতার মামলা রয়েছে। দু’জনের বিরুদ্ধে কয়েকটি মামলার ওয়ারেন্ট ছিল। এসব মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
বিকালে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
/আরএ/এএ/








