আসন্ন পৌর নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বজায় রাখার জন্য সেনা মোতায়েন দরকার মনে করে প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে সরকার দলীয় সাংসদ কর্তৃক নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও আনা হয়েছে।
বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার বরাবর এ নোটিশটি পাঠানো হয়। জাতীয় স্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠান। সরকারি ডাকে ও ফ্যাক্সের মাধ্যমে এ নোটিশটি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এই আইনজীবী।
আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনে সব প্রার্থীদের সমান প্রচারণার সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, আচরণবিধি ভঙ্গে সাংসদদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নির্বাচন সংশ্লিষ্ট এলাকায় সেনা মোতায়েনের অনুরোধ জানানো হয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত না জানালে সংবিধানের ১০২ ধারা মোতাবেক হাইকোর্টে রিট মামলা করবেন বলেও জানিয়েছেন তিনি।
/ইউআই /এএইচ/








