নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গণপিটুনিতে আট ডাকাতের মৃত্যুর ঘটনায় দু’টি মামলা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় আড়াইহাজার থানার এসআই আবদুল্লাহ আল মামুন একটি মামলা করেন। অপরদিকে যে ব্যবসা প্রতিষ্ঠানে তারা ডাকাতির চেষ্টা চালিয়েছিল সেই চালের আড়ত ‘মেসার্স ভাই ভাই স্টোর’এর মালিক এম এ গফুর ভূইয়া আরেকটি মামলা করেন।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, এসআই আবদুল্লাহ আল মামুনের দায়ের করা মামলায় উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার ভোরে সংঘবদ্ধ ডাকাত দল পুরিন্দা বাজারে ডাকাতি করার সময় স্থানীয় জনতার পিটুনিতে আট জনের মৃত্যু হয়। মামলায় কয়েক হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
অন্যদিকে এম এ গফুর ভূইয়া বাদি হয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান ভাই ভাই ট্রেডার্সে ডাকাতির মামলা করেন। ডাকাতির ঘটনায় গ্রেফতারকৃত চারজনসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ জেলার ত্রিশাল রামপুর এলাকার মানিক, একই জেলার সজীব, সাব্বির ও চাঁদপুর কালীবাড়ি এলাকার ওসমান ব্যাপারির ছেলে লোকমান।
/জেবি/এমপি/টিএন/








